প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
আজ ফুলবাড়ী ট্রাজেডি দিবস
উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
২০২৬ আগস্ট ২৬ ১৮:৩৫:৩০
শাহ্ আলম শাহী, দিনাজপুর : ফুলবাড়ী ট্র্যাজেডির দুই দশক পূর্ণ হলেও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রস্তাব বাতিলসহ চুক্তির মূল দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় আবার ফুঁসে উঠছে দিনাজপুরের ফুলবাড়ীবাসী। সম্প্রতি অর্থমন্ত্রীর উন্মুক্ত খনি নিয়ে দেওয়া মন্তব্যের জেরে নতুন করে শঙ্কা ও ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। ‘ফুলবাড়ীতে কয়লা খনি চাই না’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে লাখো মানুষের কন্ঠ।
চাষযোগ্য কৃষিজমি ও পরিবেশ রক্ষা এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সঙ্গে করা ঐতিহাসিক ছয় দফা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এবারও স্বতঃস্ফূর্তভাবে দিনটি পালিত হয়েছে আজ।
ফুলবাড়ি ট্র্যাজেডির ২০ বছর আগের সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে বসতভিটা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার এই লড়াইয়ে আজ বুধবার আবার এককাট্টা হয়েছে পুরো এলাকা।
জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই খনি অধ্যুষিত এলাকায় ৫৭২ মিলিয়ন টন উচ্চমানের কয়লার স্তূপ পেয়েছিল বহুজাতিক প্রতিষ্ঠান এশিয়া এনার্জি।
তবে চাষযোগ্য ৩০ বর্গকিলোমিটার এলাকা ও হাজার হাজার পরিবারকে উচ্ছেদ করে উন্মুক্ত খনি বাস্তবায়নের প্রস্তাবের প্রতিবাদে ২০০৬ সালে রাজপথে নেমেছিল স্থানীয় জনতা। ছোট যমুনা সেতুর পূর্ব পাশে মিছিলে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তরিকুল ইসলাম, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আমিনুল ইসলাম ও সালেকিন প্রাণ হারান। এরপর শুরু হওয়া অনির্দিষ্টকালের কঠোর হরতাল ও অবরোধে অচল হয়ে পড়েছিল পুরো উত্তরাঞ্চল। বাধ্য হয়ে তৎকালীন সরকার আন্দোলনকারীদের সঙ্গে ছয় দফা চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তিতে এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার, উন্মুক্ত কয়লাখনি বন্ধ, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, শহীদ স্মৃতিসৌধ নির্মাণ ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের স্পষ্ট প্রতিশ্রুতি ছিল।
গত দুই দশকে আংশিকভাবে কিছু ক্ষতিপূরণ ও স্মৃতিসৌধ নির্মাণের বরাদ্দ পাওয়া গেলেও মূল দাবিগুলো রয়ে গেছে উপেক্ষিত। আন্দোলনকারী নেতাদের অভিযোগ, স্বৈরাচারী শাসনের অবসান এবং রাজনৈতিক পরিবর্তন ঘটলেও গণদাবিগুলো এড়িয়ে যাওয়ার প্রবণতা এখনও বিদ্যমান।
দিবসটি উপলক্ষে আজকের এই দিনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ফুলবাড়ীতে শোক র্যালি, শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি এবং গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নিমতলা মোড়ে তেল-গ্যাস, খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আনু মুহাম্মদ।
(এসএস/এসপি/আগস্ট ২৬, ২০২৬)
