প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
২০২৬ আগস্ট ২৬ ১৮:৪২:১০
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আনোয়ারা বেগম (৪৫) এবং জীবন অধিকারি (৪০) নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর পিকআপের চালককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকালের দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলার কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটো আরোহী আনোয়ারা বেগম ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী এবং নিহত অটো চালক সদর উপজেলার শুখান পুকুর এলাকার ছত্রিশ অধিকারির ছেলে বলে নিশ্চিত করেছেন ভুল্লী থানা পুলিশ। অপরদিকে আহত ৪ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি মালবাহী পিকআপ। এটি কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্থ হয় এবং কয়েকজন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম ও জীবন অধিকারির মৃত্যু হয়।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, কচুবাড়ী এলাকায় পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছে। পিকআপের চালককে গাড়িসহ আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এফআর/এসপি/আগস্ট ২৬, ২০২৬)
