ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

২০২৬ আগস্ট ২৬ ১৮:৪৭:০৪
হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে গৃহবধূ সাথী আক্তার হত্যা মামলায় আত্মহত্যা দেখিয়ে মূল আসামিদের বাদ দিয়ে চার্জশিট দেওয়ার অভিযোগ করেছে নিহতের পরিবার। এ ঘটনায় বিতর্কিত চার্জশিট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

আজ বুধার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ দাবি জানায় নিহতের পরিবার।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, মাদারগঞ্জের নব্যচর গ্রামের গৃহবধূ সাথী আক্তার। ১৯ বছর বয়সী এই নারীকে যৌতুকের জন্য নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা মো. সাইদুর রহমান ও মা বানেশা বেগম অভিযোগ করেন, সাথীর স্বামী সবা শেখ ও তার পরিবারের সদস্যরা তিন লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

পরিবারের দাবি, গত ১৩ এপ্রিল সাথীকে মারধর ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। তাদের অভিযোগ, মরদেহের পা মাটিতে ঠেকানো ছিল এবং দুই হাতের কবজি ভাঙাসহ শরীরে নির্যাতনের চিহ্ন ছিল।

নিহতের বাবা অভিযোগ করেন, তদন্তকারী কর্মকর্তা প্রকৃত ঘটনা আড়াল করে মামলার গতিপথ পরিবর্তন করেছেন। এজাহারভুক্ত ৪ নম্বর আসামি শাহ জামালসহ মূল আসামিদের বাদ দিয়ে এবং একজন আসামিকে সাক্ষী বানিয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে।

এদিকে, আসামিরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেছে পরিবার।

বিতর্কিত চার্জশিট বাতিল করে বিচার বিভাগীয় তদন্ত, হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তদন্তে গাফিলতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নিহতের পরিবার।

এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায়।

(আরআর/এসপি/আগস্ট ২৬, ২০২৬)