ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার

২০২৬ আগস্ট ২৬ ১৮:৪৮:৪২
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে আশাশুনি উপজেলার শরাফপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাজ্যেশ্বর দাসের বাবার নাম মৃত কার্তিক চন্দ্র দাস।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিপ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকার পতনের ষড়যন্ত্র ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে গত ২০২৬ সালের ২২ জুন দিবাগত রাত আড়াইটার দিকে আশাশুনি উপজেলার ৯নং আনুলিয়া ইউনিয়নের ৬ নং বিছট গ্রামের যুবদলের অফিসের সামনে “এই মুহুতে দরকার, শেখ হাসিনার সরকার”সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংহঠণের নেতা কর্মীরা ওই অফিসে হামলা চালিয়ে ৮০ হাজার টাকার চেয়ার, টেবিল ও আসবাবপত্র ভাংচুর ছাড়াও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি সম্বলিত সাইনবোর্ড ভাংচুর করে। এ ঘটনায় বিছট গ্রামের জবেদ আলী গাজীর ছেলে হায়দার আলী গাজী বাদি হয়ে আনুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলমগীর আলম লিটন ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাসসহ ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩৫ জনের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে আশাশুনি থানায় জিআর ১২১/২৬ নং মামলা দায়ের করেন। এ মামলার ৪১ নং এজাহারভুক্ত আসামী হিসেবে রাজ্যেশ্বর দাসকে মঙ্গলবার রাত ১০টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে গ্রেপ্তারকৃত রাজ্যেশ্বর দাস জানান, একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাাকে হয়রানি করতে গ্রেপ্তার করা হয়েছে।

(আরকে/এসপি/আগস্ট ২৬, ২০২৬)