প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দিনাজপুরে শ্রমিক নেতা আটকের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৭
২০২৬ আগস্ট ২৭ ১৪:২৬:২৮
শাহ্ আলম শাহী, দিনাজপুর : মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা বাদশাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর কোতয়ালী থানায় ত্রিমুখী সংঘর্ষ ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে থানার ভেতরে এ ঘটনা ঘটে।
দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে কোতোয়ালী থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। একই সঙ্গে দিনাজপুর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস-ট্রাক,ট্যাংকলড়ি-এম্বুলেন্স সড়কে রেখে অবরোধ করে চলাচল বন্ধ করে দেয় তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বুধবার (২৬ আগস্ট) রাতে শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শ্রমিকদের দাবি, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বৃহস্পতিবার (২৭ আগস্ট) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী শেখ বাদশাকে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা কোতোয়ালী থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়কে বাস-ট্রাক রেখে অবরোধ সৃষ্টি করেন। দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীরবন্দরসহ কয়েকটি স্থানেও ব্যারিকেড দেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।
বিক্ষোভ চলাকালে থানার ভেতরে শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি চার্জ করে। এসময় ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে এক পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
বর্তমানে আটক শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে শ্রমিকরা থানার চারপাশে অবস্থান করছেন। এ ঘটনায় থানা ও আশপাশের এলাকায় কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
(এসএএস/এএস/আগস্ট ২৭, ২০২৬)
