ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

প্রশাসনের নির্দেশে বন্ধ হাইওয়ের সরকারি জমিতে হোটেল নির্মাণ, সরেনি মালামাল

২০২৬ আগস্ট ২৭ ১৭:৪৭:৪৬
প্রশাসনের নির্দেশে বন্ধ হাইওয়ের সরকারি জমিতে হোটেল নির্মাণ, সরেনি মালামাল

নাগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড়ে হাইওয়ের সরকারি জায়গায় ব্যক্তিগত উদ্যোগে পাকা হোটেল নির্মাণ প্রশাসনের নির্দেশে বন্ধ করা হলেও নির্মাণসামগ্রী এখনো সরানো হয়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণকাজ আপাতত বন্ধ থাকলেও ইট, বালু, রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ঘটনাস্থলেই পড়ে রয়েছে। এতে স্থানীয়দের মধ্যে সরকারি জমি দখলের চেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযুক্ত হোটেল মালিক আলগাদিয়া গ্রামের ছলিম মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

চরযশোরদী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) রত্নেশ্বর বৈরাগী বলেন, “সংবাদ পেয়ে গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় এবং মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে একটি টিম ঘটনাটি তদারকি করছে। আজ আমি ছুটিতে আছি।”

নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান বলেন, বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। ইতোমধ্যে অবৈধ স্থাপনার নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(পিবি/এসপি/আগস্ট ২৭, ২০২৬)