প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার
২০২৬ আগস্ট ২৮ ১৮:০৮:৪৯
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মো. সাজ্জাদ উজ্জামান রিন্টু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে দক্ষিণ রাঘবপুর মহল্লার মেসার্স ওসামা ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদ উজ্জামান রিন্টু দক্ষিণ রাঘবপুর (জলিল হাজী রোড) এলাকার মৃত আব্দুর রাজ্জাক পান্নার ছেলে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জিডি নং-৩০৭, তারিখ ২৭ আগস্ট ২০২৬-এর ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফিলিং স্টেশনের সামনে সন্দেহজনকভাবে অবস্থানরত রিন্টু ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।
তল্লাশির সময় তার পরনে থাকা ফুল প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। রাত ১০টা ২০ মিনিটের দিকে সাক্ষীদের উপস্থিতিতে ডিজিটাল নিক্তিতে ওজন করে হেরোইনটি জব্দ করা হয়।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিন্টু বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
(এসকেকে/এসপি/আগস্ট ২৮, ২০২৬)
