প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সেচপাম্প ঘরের চৌকিতে যুবতীর লাশ!
২০২৬ আগস্ট ২৮ ১৮:১১:২৫
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে রাতে নিখোঁজের পর সকালে একটি সেচপাম্পের ঘর থেকে রূপসী নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে উপজেলার চরপাকেরদহ এলাকার আব্দুল হান্নানের সেচপাম্প ঘরের ভেতর থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়। তিনি ঘোনাপাড়া এলাকার ছাইরউদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানায়, জমিতে সার বুনতে এসে হান্নানের সেচপাম্প ঘরের ভেতর যুবতীর মরদেহ দেখতে পায় এক কৃষক। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে লাশ দেখতে হুমড়ি খেয়ে পড়ে এলাকার লোকজন। স্থানীয় কয়েকজন লোক ওই যুবতীর লাশকে শনাক্ত করে। ঘটনাটি থানায় জানালে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা ছাইরউদ্দিন জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে রূপসীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশেপাশেসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে খবর পাই, মেয়েটির লাশ সেচপাম্প ঘরে পড়ে আছে! কেউ হয়তো তাকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় জানান, সকালে ঘটনাস্থল থেকে একটি যুবতী মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলায় দেখ গেছে আঘাতের চিহ্ন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
(আরআর/এসপি/আগস্ট ২৮, ২০২৬)
