প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
লৌহজংয়ে দুই মাংস বিক্রেতাকে জরিমানা
২০২৬ আগস্ট ২৮ ১৮:২৩:৩৬মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ যতাযথাভাবে না মানা, অসুস্থ্য পশু জবাই, মাংসে পোকা ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থা না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করায় লৌহজংয়ের কনকসার ও মালির অংক বাজারে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার লৌহজং উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও ফারজানা ববি মিতু এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাংস বিক্রেতাকে সর্ব মোট ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের করে কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে লৌহজংয়ের মালির অংক ও কনকসার বাজারের মাংসের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় কনকবাজার নিকটবর্তী ইব্রাহীম মুন্সি তার বসতবাড়ির একপাশে অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ একটি গরু জবাই এর উদ্দেশ্যে প্রস্তত করেন এবং জানান জবাইকৃত পশুর বর্জ্য নিকটস্থ খালে ফেলেন, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ধারা ৩(১) ও ৫(২) লঙ্ঘনে উক্ত আইনের ধারা ২৪ (১) অনুসারে তাকে ১০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অসুস্থ পশুটি জব্দ করে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়।
অপরদিকে মালিরঅংক বাজারে মাংস প্রক্রিয়াজাতকারী মো. নাদিম মৃধার জবাইকৃত মাংসের সাথে বাসি মাংস যুক্ত করতে দেখা যায় যা কোন প্রকার তাপমাত্রা এবং হাইজিন মানা হয়নি। মাংসে প্রচুর পরিমাণ পোকার উপস্থিতি লক্ষ্য করা যায়। তাছাড়া তার কাছে কসাই এর লাইসেন্স পাওয়া যায়নি। উক্ত মাংস বিক্রেতাকে পশু জবাই ও মাংস মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ধারা ৫(২), ৭ এবং ৮ (১) লঙ্ঘনের জন্য ধারা ২৪(১) অনুসারে ১০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয় এবং ধারা ১৭ অনুযায়ী ভক্ষণঅযোগ্য মাংস জব্দ করে বিনষ্ট করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউসান প্রদান করেন ডা. কালীশংকর পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
(এমকে/এসপি/আগস্ট ২৮, ২০২৬)
