ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সোনাতলায় টাকা হারানোকে কেন্দ্র করে মামার আঘাতে ভাগ্নে নিহতের অভিযোগ

২০২৬ আগস্ট ৩০ ১৮:৪৩:০৩
সোনাতলায় টাকা হারানোকে কেন্দ্র করে মামার আঘাতে ভাগ্নে নিহতের অভিযোগ

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলায় টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে মামার মারধরে মোঃ সাকিল আহম্মেদ (২৫) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার চরপাড়া সংলগ্ন বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিল আহম্মেদ চরপাড়া সংলগ্ন বয়ড়া গ্রামের জাহাঙ্গীর ব্যাপারীর ছেলে। তিনি অভিযুক্ত ফুল মিয়ার ভাগ্নে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুল মিয়ার বাড়ি থেকে ৩০০ টাকা হারিয়ে যায়। এ ঘটনায় ফুল মিয়া তাঁর ভাগ্নে সাকিলকে সন্দেহ করেন। টাকা হারানোর বিষয়টি নিয়ে শনিবার সকালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। পরে দুপুরের দিকে বিষয়টি নিয়ে ফের বিরোধের একপর্যায়ে ফুল মিয়া ও হানিফ মিয়া সাকিলকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে সাকিল গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক সাকিল আহম্মেদকে মৃত ঘোষণা করেন।সাকিলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

(বিএস/এসপি/আগস্ট ৩০, ২০২৬)