প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত
বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ, ৩ আসামির যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড
২০২৬ আগস্ট ৩১ ১৮:১৮:২৪
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
আজ সোমবার সকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রশিদপুর ভাটিপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে মো. ছাত্তার আলী (৪২), করাড়ার পাড় এলাকার মৃত শামছুল হকের ছেলে মো. মালেক (৪৪) ও একই এলাকার মৃত নায়েব আলীর ছেলে মোঃ অনু (৩২)।
মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাটিপাড়ায় দাম্পত্য কলহে স্বামী দ্বিতীয় বিয়ে করলে নিজবাড়িতে একাই বসবাস করতেন দুই সন্তানের জননী ভুক্তভোগী গৃহবধূ। দুই সন্তানের একজন তার পিতার সঙ্গে ঢাকায় এবং অপরজন দাদা-দাদির সঙ্গে থাকেন। আসামিদের মধ্যে সাত্তার তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় একপর্যায়ে ২০২৪ সালের ১৯ অক্টোবর রাত এগারোটার দিকে আসামিরা বাড়ির সামনে এসে ডাকাডাকি করলে ওই গৃহবধূ শব্দ শুনে ঘরের দরজা খুলে বাইরে বের হন। এ সময় তাকে তুলে নিয়ে বসত ঘরের উত্তর পাশে একটি বাঁশের ঝাড়ের নীচে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আসামিরা। এ ঘটনার তিনদিন পর থানায় মামলা করেন ভুক্তভোগী।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান- ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুটি ধারায় রায় ঘোষণা করেছেন। একটি ধারায় আসামিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকের ১ লাখ টাকা জরিমানা এবং অপর ধারায় তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।
(আরআর/এসপি/আগস্ট ৩১, ২০২৬)
