প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত
বিপ্লব বড়ুয়া ও তার পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
২০২৬ সেপ্টেম্বর ০১ ১৫:০২:২৭
স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী বিপ্লব বড়ুয়া ও তার স্ত্রী সোমা বড়ুয়াসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যরা হলেন, বিপ্লব বড়ুয়ার ভাই ডা. বিদ্যুৎ বড়ুয়া এবং তার স্ত্রী অগ্নী বড়ুয়া।
এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জন করত: নিজ নামে এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে উক্ত অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০২৬)
