ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘ভালো ফলাফল করলে ভবনসহ শিক্ষার সকল সুযোগ-সুবিধা দেয়া হবে’

২০২৬ সেপ্টেম্বর ০১ ১৯:২৭:০৩
‘ভালো ফলাফল করলে ভবনসহ শিক্ষার সকল সুযোগ-সুবিধা দেয়া হবে’

গৌরীপুর প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, ভালো ফলাফল করলে বিদ্যালয়ের পাঠদান ভবন সহ শিক্ষার উন্নয়নে সকল সুযোগ সুবিধা দেয়া হবে।

আজ মঙ্গলবার ময়মনসিংহের গৌরীপুরের নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন আরো বলেন, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার কাছে বিদ্যালয়ের পাঠদান ভবন নির্মাণের দাবি জানিয়েছে। আমি তাদের বলেছি ভালো ফলাফল করলে বিদ্যালয়ে শুধু পাঠদান ভবন নয় শিক্ষার উন্নয়নে সকল সুযোগ সুযোগ সুবিধা দেয়া হবে। আজকে এখানে ৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছি। আগামী বছর আমি বিদ্যালয়ের ৮৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিতে চাই। তাই সবাই ভালো করে পড়াশোনা করবে।

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন আরো বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই শিক্ষার উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তিন সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে। এই সময়ে তোমাদের ভালো পড়াশোনা করে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

সভায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাপ্পু। সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আবু তাহের সিদ্দিক মানিক। বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, প্রতিমন্ত্রীর ছোট ভাই ইকরাম হোসেন তালুকদার প্রমুখ।

(এস/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৬)