ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত 

২০২৬ সেপ্টেম্বর ০১ ১৯:৩৩:৩৫
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার সকালে তিনি স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি ঘুরে দেখেন।

মন্দির প্রাঙ্গণে পৌঁছালে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বলন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন টেরাকোটাশিল্পে সমৃদ্ধ কান্তনগর মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি মন্দিরটির ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং এর নান্দনিক কারুকাজের প্রশংসা করেন।

এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংসহ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কান্তনগর মন্দির বাংলাদেশের অন্যতম প্রাচীন ও দর্শনীয় প্রত্নতাত্ত্বিক স্থাপনা। অষ্টাদশ শতকে নির্মিত এই মন্দিরটি টেরাকোটার অনন্য কারুকাজের জন্য দেশ-বিদেশে ব্যাপক পরিচিত। প্রতিবছর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক ও গবেষক এই ঐতিহাসিক স্থাপনাটি পরিদর্শনে আসেন।

(এসএস/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৬)