প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত
পে-স্কেল অনুমোদনের পর এখন অপেক্ষা গেজেটের
২০২৬ সেপ্টেম্বর ০২ ১৫:১৬:৫৭
স্টাফ রিপোর্টার : নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে সরকার। এখন অপেক্ষা গেজেট জারির। নতুন বেতনকাঠামো-সংক্রান্ত আদেশ আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার জারি করা হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বেতনকাঠামোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন বেতনকাঠামো-সংক্রান্ত আদেশ অর্থ বিভাগ আজ বা আগামীকাল জারি করবে।
তখন সব বিষয় স্পষ্টভাবে জানা যাবে।
এদিকে সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনস্কেল অনুমোদন দেওয়া হয়।
একই সঙ্গে নতুন বেতনস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬-ও অনুমোদন করা হয়েছে। এসব ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকার সুপারিশ প্রণয়নের জন্য একটি সচিব কমিটি গঠন করেছিল। ওই সচিব কমিটির দাখিল করা প্রতিবেদন মন্ত্রিসভার বৈঠকে পর্যালোচনা করা হয়।
বিস্তারিত পর্যালোচনার পর নতুন বেতনস্কেল অনুমোদন করা হয়েছে। এ ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা ও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমানের বিষয়ও বিবেচনা করা হয়েছে। একটি ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক বেতন কাঠামোর প্রয়োজনীয়তাও বিবেচনায় নেওয়া হয়েছে।
অনুমোদিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রাখা হয়েছে। তবে গ্রেডগুলোর মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতনস্কেলে ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর ১ম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত বেতন করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০২, ২০২৬)
