ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সুন্দরবনে বিষ সন্ত্রাসীদের গডফাদার সুমন দুই সহযোগীসহ গ্রেপ্তার 

২০২৬ সেপ্টেম্বর ০২ ১৯:৩১:৫৪
সুন্দরবনে বিষ সন্ত্রাসীদের গডফাদার সুমন দুই সহযোগীসহ গ্রেপ্তার 

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের নিষেধাজ্ঞার মধ্যে খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে বন বিভাগের দায়ের করা মামলায় আলোচিত বিষ সন্ত্রাসীদের গডফাদার শাহরিয়ার সুমনসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোংলা উপজেলার বৈদ্যমারী বাজার এলাকা থেকে গ্রেপ্তারের পর গতকাল দুপুরে তাদের আদালতের নির্দেশে বাগেরহাট করাগারে পাঠানো হয়েছে।

সুন্দরবন বিভাগ জানায়, গত শনিবার (২৯ আগস্ট) দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের একটিখাল থেকে বিষ দিয়ে মাছ ধরে ফেরার সময় বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোড়াবুড়বুড়িয়া এলাকার স্থানীয়রা ২০০ কেজি মাছ ও একটি নৌকাসহ বিষ সন্ত্রাসীদের গডফাদার শাহরিয়ার সুমনের দুই সহযোগীকে আটক করে। পরে সুমনের লোকেরা হুমকি দিয়ে আটক মুহিদুল হাওলাদার ও নাঈম শেখকে নৌকা ও মাছসহ ছাড়িয়ে নিয়ে যায়। এঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। সুন্দরবন বিভাগ রবিবার শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে বিষ সন্ত্রাসীদের চিহ্নিত করে প্রতিবেদন দিতে বলা হয়। সুন্দরবন বিভাগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান মেলে।

বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নজরে আসার পর তিনি সুন্দরবনের বিষ সন্ত্রাসীদের গডফাদার শাহরিয়ার সুমনসহ তার দুই সহযোগীদের বিরুদ্ধে বন বিভাগকে মামলা দায়ের ও তাদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর নির্দেশের পরম ঙ্গলবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বকুল হোসেন বাদী হয়ে শাহরিয়ার সুমনসহ তার দুই সহযোগী মুহিদুল হাওলাদার ও নাঈম শেখকে আসামী করে মোংলা থানায় মামলা দায়ের করে। মামলা দয়েরের পর পুলিশ গতকাল মোংলা উপজেলার বৈদ্যমারী বাজার এলাকা থেকে সুমনসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।

সুন্দরবন সন্নিহিত লোকালয়ের বাসিন্ধারা জানায়, ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের পর শাহরিয়ার সুমন সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের জন্য প্রায় ৫০টি নৌকায় ২০০ জনেরও বেশি জেলেকে সংগঠিত করেন। এতো দিন ধরে সুমনের নেতৃত্বে এসব জেলেরা গভীর রাতে অবৈধ্য ভাবে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ মাছ শিকার করে আসছিল। এভাবে গত বছরে সুমন বিপুল সম্পদের মালিক বনে যান। এমনকি তার চক্রের কোনো জেলে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরতে গিয়ে বন বিভাগের কর্মকর্তাদের হাতে আটক হলে প্রভাব খাটিয়ে তাদের ছাড়িয়ে নিতো। সুমনের সঙ্গে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সাথে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে বলেও তারা জানান।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের মামলায় শাহরিয়ার সুমনসহ তার দুই সহযোগীতে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সুমনের সাথে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সাথে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত অন্যদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৬)