প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নবগঙ্গায় নৌকাডুবি, তিন দিন পর মিললো জেলের মরদেহ
২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৬:৩৫:৩৫
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবে নিখোঁজের তিন দিন পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, বৃহস্পতিবার সকালে খুলনার আবালগাতী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে সোমবার সন্ধ্যায় বাড়ইপাড়া ফেরিঘাট এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
মৃত ৪৫ বছর বয়সী হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন জেলে ডিঙি নৌকায় করে নবগঙ্গা নদীতে ইলিশ ধরছিলেন। এ সময় তীব্র স্রোতে নোঙর করা একটি ফেরির সঙ্গে তাদের নৌকার ধাক্কা লাগে।
এতে তিন জেলেই নদীতে পড়ে যান। পরে দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও হেলাল মেখ স্রোতের টানে নিখোঁজ হন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
তারা জানান, মঙ্গলবার খুলনা থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালালেও হেলালের সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
ওসি ইদ্রিস আলী বলেন, স্বজনরা মরদেহটি হেলালের বলে শনাক্ত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
(আরএম/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৬)
