প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপ্তাইয়ে দোকানে গ্রিল বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৬:৩৯:১৪
রিপন মারমা, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তোফাজ্জল হোসেন বাবু (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে রাইখালী কারিগর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা বদিউর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নিজের দোকানের গ্রিল বন্ধ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার ও মিটার জড়ানো একটি পিলারে তার হাত স্পর্শ করে। এতে মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে স্থানীয়ভাবে তার দাফন সম্পন্ন হয়।
(আরএম/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৬)
