প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত
‘আন্তর্জাতিক বাজারের সূত্রেই সয়াবিন তেলের দাম সমন্বয়’
২০২৬ সেপ্টেম্বর ০৪ ০০:৪৯:৩১
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, আমদানি ব্যয় ও উৎপাদন খরচের ভিত্তিতেই সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রীর বলেন, ভোজ্যতেলের মূল্য নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয় একটি নির্দিষ্ট হিসাব পদ্ধতি অনুসরণ করে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন তেল পুরোপুরি আমদানিনির্ভর পণ্য। তাই আন্তর্জাতিক বাজারে দামের পরিবর্তন হলে দেশীয় বাজারেও তার প্রভাব পড়ে। এফওবি (FOB) মূল্য, জাহাজ ভাড়া, খালাস ব্যয়, বিমা, রিফাইনারির প্রক্রিয়াকরণ ব্যয় এবং পরিবহনজনিত অপচয় হিসাব করে চূড়ান্ত দাম নির্ধারণ করা হয়।
বাণিজ্যমন্ত্রীর মতে, দেশে ভোজ্যতেলের সরবরাহ মূলত বেসরকারি আমদানিকারকদের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন লোকসান হলে উদ্যোক্তারা বাজার থেকে সরে যেতে পারেন। তাই ভোক্তা স্বার্থের পাশাপাশি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে যৌক্তিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।
টিসিবির মাধ্যমে ৭৮ লাখ পরিবারে পণ্য
বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে প্রতি মাসে প্রায় ৭৮ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য দেওয়া হচ্ছে। পাশাপাশি দুই ঈদে খোলা ট্রাকে পণ্য বিক্রি এবং খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস কার্যক্রমও চলমান রয়েছে। বাণিজ্যমন্ত্রীর ভাষ্য, বাজারে কৃত্রিম সংকট ঠেকাতে এলসি খোলা, আমদানি ও সরবরাহ পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
চিনির সরবরাহ স্বাভাবিক হবে
চিনির বাজার নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, মেঘনা গ্রুপের কাছে পর্যাপ্ত অপরিশোধিত চিনি রয়েছে। ইউটিলিটি-সংক্রান্ত সমস্যার কারণে সাময়িকভাবে উৎপাদনে বিঘ্ন ঘটলেও সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে।
পে-স্কেল ও সুগন্ধি চাল রপ্তানি
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ১১ বছর বেতন সমন্বয় না হওয়ায় মূল্যস্ফীতির বাস্তবতায় এই সিদ্ধান্ত যৌক্তিক। নতুন বেতন কাঠামো একবারে নয়, আগামী বছরের জুলাই পর্যন্ত ধাপে ধাপে কার্যকর হবে। তাই আকস্মিক মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই।
সুগন্ধি চাল রপ্তানির বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, অনুমোদনের বিপরীতে এখন পর্যন্ত মাত্র আড়াই হাজার টন চাল রপ্তানি হয়েছে। নির্ধারিত সময়ে রপ্তানি করতে না পারা প্রতিষ্ঠানগুলোর অনুমোদন উল্লেখযোগ্য হারে বাতিল বা কমিয়ে দেওয়া হবে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২৬)
