প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামতে পারেন মেসি
২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৩:৩৫:৩৩
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। ভক্ত-সমর্থকরা ধরে নিয়েছিলেন, আকাশি-সাদা জার্সিতে ইতি ঘটে গেছে এই মহাতারকার গল্প।
তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন জানাচ্ছে, আন্তর্জাতিক ফুটবলে মেসির সেই যাত্রার গল্প এখনো পুরোপুরি শেষ হয়নি। ঘরের মাঠে ভক্তদের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে একটি বিশেষ প্রীতি ম্যাচের উদ্যোগ নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আর্জেন্টিনার সাংবাদিক পাবলো গ্রাভেলোনে ও মাক্সিমিলিয়ানো গ্রিয়োর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তাল, কর্দোবা কিংবা রোসারিওতে দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে দেশের ফুটবল ফেডারেশন। মূল উদ্দেশ্য হাজার হাজার মাইল দূরে নয়, বরং নিজ দেশের মাটিতেই ভক্তদের উন্মাদনার মাঝে সর্বকালের সেরা এই ফুটবলারকে একটি সম্মানজনক বিদায়ী মুহূর্ত উপহার দেওয়া।
অবশ্য এই আয়োজনের বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং এএফএ-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাওয়া মেসির ফিটনেস নিয়ে শঙ্কা না থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে এই কিংবদন্তির নিজের ইচ্ছার ওপর।
তিনি রাজি হলেই কেবল আবারও শেষবারের মতো আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিতে বল পায়ে জাদু দেখাতে নামবেন মেসি।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২৬)
