ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আদমদীঘিতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৮:০২:৩৩
আদমদীঘিতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন মন্দিরে মঙ্গল শোভাযাত্রা, কৃষ্ণপূজা, ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির ও তালসন কেন্দ্রীয় কালীমন্দির থেকে পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাগুলো উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

অপরদিকে সান্তাহার পৌর শহরের রথবাড়ী রাধামাধব মন্দির ও রেলওয়ে মন্দির এবং চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দিরের উদ্যোগেও পৃথক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এসব শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সনাতন ধর্মাবলম্বী শত শত ভক্ত অংশ নেন। পৃথক পৃথক মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাদল মৈত্র, উদয় সরকার, সুভাষ ঘোষ, নিতিশ পাল ও সুশিল ঘোষ, পূজা উদযাপন ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মৃণাল সরকার, ঐক্য ফ্রন্ট নেতা কানাই প্রামাণিক, সান্তাহার ঐক্য ফ্রন্টের সভাপতি রাকেশ সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ সরকার, রাজ কুমার সাহা মিন্টু, উত্তম ঘোষ, মদন সরকার, লক্ষণ সরকার, অরুণ সরকার, আনন্দ পাল, ব্যাটেল মৈত্র ও জগাই কুণ্ডুসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে দিনব্যাপী ভক্তিমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় আলোচনা ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের পাশাপাশি কীর্তন অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৬)