ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৯:০৯:৫৯
জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় কাবাডিতে বালক ও বালিকা দুই গ্রুপেই ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয় ও হ্যান্ডবলে বালক ও বালিকা দুই গ্রুপেই ইউনাইটেড স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।

আজ শনিবার দুপুরে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন ও সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওলামা দল ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মাওলানা মো. কাজী মশিউর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাক-ট্যাংক-লড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহিন, শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহেদ আলী, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসেন প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর আসনের এমপি এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, 'খেলাধুলা সাধনা ছাড়া হয় না। ভালো খেলোয়ার হতে চাইলে সাধনা করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। আমরা সারা বছর ক্রীড়াঙ্গনকে সচল রাখবো। কাবাডিতে আমরা অন্যান্য জেলার চাইতে ভাল করছি।'

দৌড়, সাতার, দাবা ও কাবাডি ৪টি ইভেন্ট এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় কাবাডিতে বালক ও বালিকা দুই গ্রুপেই ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয় ও হ্যান্ডবলে বালক ও বালিকা দুই গ্রুপেই ইউনাইটেড স্কুল চ্যাম্পিয়ন হয়। এছাড়া দাবাতে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সাঁতারে জামালপুর জিলা স্কুল চ্যাম্পিয়ন হয় বলে জানান কর্তৃপক্ষ।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৬)