ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৮:০৭:২১
ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের ঘুষ গ্রহণ ও অনিয়ম নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত অর্থ আদায় ও তা ভাগাভাগির বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাহসের সঙ্গে তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

গত শুক্রবার ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, "ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে প্রান্তিক ও সাধারণ মানুষের কাছ থেকে জমি রেজিস্ট্রির নামে নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি টাকা আদায় করা হচ্ছে বলে শুনেছি। সেখানে প্রতিদিন বিপুল সংখ্যক দলিল রেজিস্ট্রি হয় এবং সংগৃহীত এই অবৈধ টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করা হয়, যা অত্যন্ত দুঃখজনক।"

উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, "ফরিদপুরের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড ও সেক্টরে দুর্নীতি দেখতে পাওয়া কষ্টদায়ক। অন্যায় সহ্য করা সম্ভব নয়। আমার মূল লক্ষ্য অন্যায়ের বদলে ন্যায় প্রতিষ্ঠা করা। আমি এমন এক সুন্দর ফরিদপুর গড়তে চাই, যেখানে কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাস থাকবে না।"

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, "বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংবাদিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনকি আমি নিজে কিংবা আমার দল যদি কোনো ভুল বা অন্যায় করে, তবে সেটিও সংবাদে তুলে ধরবেন, যাতে আমি নিজেকে সংশোধন করতে পারি। আমার পরিবারের সম্মান ও ভালোবাসায় কালিমা লেপন করার সাহস আমার নেই।"

রাজনীতি ও ধর্মীয় প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, দক্ষিণবঙ্গে ইসলাম প্রচারে তাঁর পরিবারের ঐতিহাসিক অবদান রয়েছে। ধর্মের নামে গোঁড়ামি চর্চাকারী রাজনৈতিক দলের প্রভাব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্য বজায় রেখেই আমাদের এগোতে হবে।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান ও প্রেসক্লাবের সদস্য ফারিয়ান ইউসুফ আহমেদ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৬)