ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ভাগ্য বদলের আশায় বিদেশে, ফিরলেন কফিনবন্দি হয়ে

দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৮:৪৯:৪৮
দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির মধ্যে কলারোয়ার শুভ দাসের মরদেহ দীর্ঘ প্রায় ৩ মাস ২৫ দিন দেশে ফিরেছে। রবিবার সকালে শুভর মরদেহ বাড়িতে পৌঁছানোর খবরে শ্রীপতিপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত শুভ দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। মাত্র ২৩ বছর বয়সেই যুদ্ধবিধ্বস্ত লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জেবদিন এলাকায় একটি রুটি বহনকারী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিন বাংলাদেশি কর্মী—সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ এবং কলারোয়ার শুভ দাস। তাঁরা একই এলাকায় বসবাস ও কাজ করতেন।

শুভ দাস প্রায় তিন বছর আগে পরিবারের ভাগ্য বদলের আশায় লেবাননে পাড়ি জমান। ভ্যান চালিয়ে সংসার চালানো বাবা সুরঞ্জন দাস এবং ধানের চাতালে কাজ করা মা শিখা দাস ধারদেনা করে ও নিজস্ব দুই শতক বাড়িসহ বাস্তুভিটা বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন।

তাঁদের আশা ছিল, ছেলে বিদেশে গিয়ে পরিবারের অভাব দূর করবে, বদলে দেবে সংসারের চিত্র।
চার ভাই-বোনের মধ্যে শুভ ছিলেন মেজো। পরিবারের স্বপ্ন আর বাবা-মায়ের কষ্ট দূর করার প্রত্যাশা নিয়েই বিদেশে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ভাগ্যের নির্মম পরিহাসে বিদেশ থেকে তাঁকে ফিরতে হলো কফিনবন্দি হয়ে।

শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ কয়েক মাস আগেই দেশে ফিরলেও শুভ দাসের মরদেহ দেশে ফেরানো নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তাঁর মরদেহ দেশে ফিরেছে।

শুভর মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, শ্রীপতিপুরসহ আশপাশের এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ার স্বপ্ন দেখা তরুণ ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর বাবা-মা।

যে ছেলেকে ধারদেনা করে বিদেশে পাঠিয়েছিলেন বাবা-মা, সেই ছেলেই আজ কফিনবন্দি হয়ে ফিরেছেন—ভাগ্য বদলের আশায় বিদেশে যাওয়া শুভ দাসের পরিবারের সামনে এখন অনিশ্চয়তার নতুন অধ্যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা জানান, ২০২৩ সালে শুভ জমি জায়গা বিক্রি করে লেবাননে যান। এরপর ২০২৬ সালের ১২ ই মে লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় শুভ নিহত হন। দীর্ঘ প্রায় ৪ মাস পরে তার লাশ বাড়িতে পৌঁছেছে। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে দাবি তার পরিবার যেন সরকারের কাছ থেকে সহযোগিতা পায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, লেবাননে ড্রোন হামলায় নিহত শুভর লাশ রবিবার সকাল পৌনে ১০ টায় তার বাড়ি কয়লা ইউনিয়নের শ্রীপতিপুরে পৌঁছেছে। রবিবার দুপুরে স্থানীয় শ্মশানে শুভ এর লাশ সৎকার করা হয়েছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৬)