ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘রাজপথ কাউকে ইজারা দেয়নি বিএনপি’

২০২৬ সেপ্টেম্বর ০৭ ১৫:৪৬:১৯
‘রাজপথ কাউকে ইজারা দেয়নি বিএনপি’

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপিকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে কিংবা এক দফার আলটিমেটাম দিয়ে কোনো লাভ হবে না। বিএনপি রাজপথ কাউকে ইজারা দেয়নি।

তিনি বলেছেন, জনগণের অধিকার রক্ষার প্রশ্নে প্রয়োজন হলে বিএনপি আবারও রাজপথে নামবে এবং জনগণকে সঙ্গে নিয়ে সব গণতান্ত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের ঘোনাপাড়ায় কংশ নদীর ভাঙন রোধে তীর রক্ষা প্রকল্পের কাজ উদ্বোধন উপলক্ষে গ্রামবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এ কথা বলেন।

সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি সরকার যখন জনকল্যাণে নিয়োজিত, তখন দুঃখজনক হলেও সত্য যে বিরোধী দল সেখানে জনদুর্ভোগ সৃষ্টি করছে। তারা ছয় মাস বয়সী নির্বাচিত সরকারকে এক দফার হুমকি দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছে।

এ সময় চলমান জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি অপচয় করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি জ্বালানি সমস্যা তীব্র করার পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন প্রিন্স।

তিনি বলেন, লংমার্চ কর্মসূচিতে এক দফার হুমকি ও উসকানিমূলক স্লোগান রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছয় মাসের সরকার যখন চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ পুনর্গঠন করছে, তখন ডিসেম্বরে সরকার পতনের হুমকি ষড়যন্ত্র ও দূরভিসন্ধির বহিঃপ্রকাশ। ছয় মাস বয়সী সরকারকে ছয় দফা, এক বছরের মাথায় এক দফার আন্দোলনের হুমকিদাতাদের জেনে রাখা ভালো, বিএনপি রাজপথ কাউকে ইজারা দেয়নি। রাজপথ বিএনপির অচেনা নয়। বিএনপিকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে কিংবা এক দফার আলটিমেটাম দিয়ে কোনো লাভ হবে না। মনে রাখবেন, বিএনপি ভেসে আসা কোনো দল নয়; বিএনপি এ দেশের জনগণের দল। জনগণের অধিকার রক্ষার প্রশ্নে প্রয়োজন হলে বিএনপি আবারও রাজপথে নামবে, জনগণকে সঙ্গে নিয়ে সব গণতান্ত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, কংশ নদীর ভাঙনে শাকুয়াই ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ছিল। নদীভাঙনে রাস্তা, বসতভিটা, ফসলি জমি ও মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছিল। স্থানীয় মানুষের এই দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে আমি পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। আমার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের নির্দেশে পানি উন্নয়ন বোর্ড শাকুয়াই এলাকায় নদীর তীর রক্ষায় এই প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রিন্স আরও বলেন, জনগণের সমস্যা সমাধানই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমরা শুধু ক্ষমতার কথা বলি না, মানুষের কথা বলি; শুধু স্লোগান দিই না, মানুষের সমস্যা সমাধানে কাজ করি। কংশ নদীর ভাঙন রোধের এই কাজ তারই প্রমাণ। এই ইউনিয়নে রাস্তা, ব্রিজ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ক্লিনিকসহ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

ঘোনাপাড়ায় কংশ নদীর পাড়ে শাকুয়াই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বার বিএনপি নেতা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান, বিএনপি নেতা আমজাদ হোসেন, সায়েদুল ইসলাম, মোতালেব হোসেন, উপজেলা যুবদল নেতা আবু নাসের, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমআর আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৭, ২০২৬)