প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৯:০৬:৩৮
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুষ্ঠিত কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে সোমবার রাতে কনসার্টের আয়োজন করে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল। এ অনুষ্ঠানে জি বাংলার সেরা কন্ঠ মাঈনুল আহসান নোবেল সংগীত পরিবেশন করেন। এর আগে কনসার্টস্থলে শেখ হাসিনার নামে স্লোগান দেয় উপস্থিত কিছু দর্শক। এ ঘটনায় ওই রাতেই পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার দেখায় সদর থানা পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার গ্রেপ্তার দেখিয়ে হাফিজুর রহমান পিয়ালকে আদালতের মাধ্যমে জেলা কারগারে পাঠানো হয়েছে। তবে তার বিরুদ্ধে কোন মামলা দায়ের হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৬)
