ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

গ্যাস-বিদ্যুৎ নিয়ে যা বললেন রিজভী

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৪:২৩:৫১
গ্যাস-বিদ্যুৎ নিয়ে যা বললেন রিজভী

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ সমাধিতে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ও কর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আজ থেকে ৪৮ বছর আগে নারীদের ক্ষমতায়ন, তাদের রাজনৈতিক অংশগ্রহণ এবং সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীদের সক্ষমতা তুলে ধরতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।

জাতীয়তাবাদী মহিলা দল দেশের বৃহত্তম ও শক্তিশালী একটি নারী সংগঠন। এ সংগঠন বিগত দিনে প্রতিটি নারী-শিশু নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকেছে।

দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের দুঃখ-কষ্ট ও স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। আন্তর্জাতিক জ্বালানি সংকট ও পারস্য উপসাগরে অস্থিরতার মধ্যেও তিনি নিরন্তর চেষ্টার মাধ্যমে দেশের পরিস্থিতি সামাল দিচ্ছেন।

মহেশখালীর গভীর সমুদ্র টার্মিনালের প্রযুক্তিগত ত্রুটি সারিয়ে গ্যাসের প্রবাহ স্বাভাবিক করা হয়েছে। সংকটের মধ্যেও প্রয়োজন অনুযায়ী ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে গ্যাস ও জ্বালানি আমদানির ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের কঠোর বাজার হস্তক্ষেপের কারণে এই কর্দমাক্ত বর্ষা ও শরতের মৌসুমেও খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে এবং আগস্ট মাসে মূল্যস্ফীতি কমেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-পুরোহিতদের সম্মানী ভাতা, ২০ হাজার কিলোমিটার হালনাগাদ রাস্তা নির্মাণ এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর মতো যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে দেশে কর্মসংস্থান তৈরি হচ্ছে।

নারীদের ক্ষমতায়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে রিজভী আরও বলেন, ফ্যামিলি কার্ডের মূল সুবিধাভোগী করা হয়েছে পরিবারের নারী অভিভাবিকাকে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এইচএসসি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন, আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তা ডিগ্রি ও ডিগ্রি (অনার্স) পর্যন্ত অবৈতনিক ঘোষণা করে নারীদের সার্বিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছেন।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৬)