ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৮:০২:১৪
গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে মো. জিন্দার আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দুর্গাপুর গ্রামের বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন। জিন্দার আলী শেখ ওই গ্রামের মৃত জানু শেখের ছেলে।

ওসি মোঃ আবদুল্লাহ আল মামুন জানান, গত ৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে জিন্দার আলী নিজ বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে তার ছেলে মো. ওবাইদুল ইসলাম শেখ ৬ সেপ্টেম্বর মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওই কর্কর্া আরো জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জিন্দার আলী শেখের বলে শনাক্ত করেন। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে মঙ্গলবার রাতেই একটি ইউডি মামলা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, মরদেহ থানায় রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবরের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২৬)