প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
শেখ আ: রাজ্জাক আলিম মাদরাসায় এবারও সভাপতি নির্বাচিত হলেন শেখ নাজিম উদ্দিন
২০২৬ সেপ্টেম্বর ১০ ১৭:৩৪:২১
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার এডহক কমিটির সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন নাজিম পাবলিকেশন্সের স্বত্বাধিকারী শেখ নাজিম উদ্দিন। এর আগে তিনি একই মাদরাসার এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপ-রেজিস্ট্রার মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে শেখ নাজিম উদ্দিনকে সভাপতি করা হয়েছে। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে মাদরাসাটির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে শেখ নাজিম উদ্দিনের উদ্যোগে মাদরাসায় বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শিক্ষার্থীদের জন্য স্মার্ট আইডি কার্ড চালু, ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাতে আলোকসজ্জার ব্যবস্থা এবং মাদরাসার দেয়ালে কোরআন-হাদিস ও শিক্ষামূলক বাণী লেখাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।
এ ছাড়া মাদরাসার মসজিদ সংস্কার ও টিন পরিবর্তন, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো, বয়স্কদের জন্য বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম চালু, নিয়মিত অভিভাবক সভা, ক্রীড়া প্রতিযোগিতা এবং ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাদরাসা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮১ দশমিক ২৫ শতাংশ। এ বছর দীর্ঘ সময় পর একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
তবে এরই মধ্যে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। ২০২৬ সালের এপ্রিলে তৎকালীন অধ্যক্ষ মাওলানা মো. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়।
নতুন এডহক কমিটির সামনে প্রতিষ্ঠানের প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে ২০২৫ সালের ৭ অক্টোবর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমোদনে ছয় মাসের জন্য গঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে শেখ নাজিম উদ্দিন দায়িত্ব পেয়েছিলেন। এবারও তাঁকে একই দায়িত্ব দেওয়ায় মাদরাসার উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমে তাঁর পূর্বের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে।
পুনরায় এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়ে শেখ নাজিম উদ্দিন বলেন, মাদরাসার শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর করা, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করা এবং প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। এ জন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বলছেন, নতুন এডহক কমিটির নেতৃত্বে মাদরাসার শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রত্যাশা তাঁদের।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৬)
