ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য

বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি 

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৭:৪০:৩০
বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টা ও ক্লাস শেষে খাতা দেখতে একা যেতে বলা বিজ্ঞান বিভাগের সেই সহকারী শিক্ষক ফারুকুজ্জামান ফারুককে বরখাস্ত নয় কর্মবিরতিতে রাখা হয়েছে। এছাড়া চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদারকে আহবায়ক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস খানমকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম।

তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

টুঙ্গিপাড়া ইউএনও দিদারুল আলম বলেন, যেহেতু বালিকা বিদ্যালয়টি সরকারি প্রতিষ্ঠান। ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে তাকে পাঠদান থেকে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ কর্মবিরতিতে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সেটা শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক বরাবর পাঠানো হবে। তখন আশা করি তিনি অভিযুক্ত শিক্ষক ফারুকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টা ও ক্লাস শেষে খাতা দেখতে একা যেতে বলা সহ বিভিন্ন অভিযোগে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় শিক্ষক ফারুকুজ্জামান ফারুকের শাস্তি ও বদলির দাবিতে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম ঘটনাস্থলে পৌঁছায়। তখন তাদের আশ্বাসে ঘন্টাব্যাপী চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে শ্রেণীকক্ষে ফেরে শিক্ষার্থীরা।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৬)