প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নগরকান্দায় চৌমুখায় লিজকৃত জমি নিয়ে অপপ্রচারের অভিযোগ
২০২৬ সেপ্টেম্বর ১১ ১৮:৫৬:১২
নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা পৌরসভার চৌমুখা মৌজায় সরকারিভাবে লিজকৃত জমি নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মণ্ডল পরিবার।
আজ শুক্রবার বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌমুখা গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন, বাংলাদেশ সরকার ২০০০ সালে মৃত নারায়ণ চন্দ্র মণ্ডলের নামে ৯৯ বছরের জন্য কবুলিয়াত প্রদান করে। ১৫৭ নম্বর চৌমুখা মৌজার ৬৯৮ ও ৭০২ নম্বর দাগে মোট ৩৭ শতাংশ জমি তারা দীর্ঘদিন ধরে বৈধভাবে ভোগদখল করে আসছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য বৃন্দাবন মণ্ডল বলেন, ওই জমির একটি অংশে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এবং অবশিষ্ট অংশ তারা বৈধভাবে ব্যবহার করছেন। কিন্তু একটি অসাধু চক্র কবুলিয়াতভুক্ত জমি নিজেদের নামে নেওয়ার অপচেষ্টা চালিয়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার করছে।
> “সরকার আমাদের নিরানব্বই বছরের জন্য জায়গাটি কবুলিয়াত দিয়েছে। সরকারের জমি নিয়ে প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, আমরা তা মেনে নেব। তবে কোনো অসাধু ব্যক্তিকে এই জমি দখল করতে দেব না।” — বৃন্দাবন মণ্ডল
তিনি আরও জানান, সম্প্রতি মন্দিরের জায়গা দখলের অভিযোগ তুলে এলাকায় বিভ্রান্তি ও মব পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে এবং এ বিষয়ে মানববন্ধনও অনুষ্ঠিত হয়। তবে তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লিটন মণ্ডল, সুমন মণ্ডল, নিপেন মণ্ডল, সুজাতা মণ্ডল, পূর্ণিমা মণ্ডলসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
শেষে ভুক্তভোগী পরিবার প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনের সিদ্ধান্তের প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা করতে তাঁরা প্রস্তুত।
(পিবি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৬)
