প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত
‘পুরোনো সাজ ফিরলেও, ফেরেনি আশির দশকের আবহ’
২০২৬ সেপ্টেম্বর ১২ ১৪:০৫:২৭
বিনোদন ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাত ধরে আবারো ফিরে এসেছে আশির দশকের ফ্যাশন ও সাজসজ্জা। পুরোনো সেই লুক নিয়ে এবার নিজের অভিজ্ঞতা ও পছন্দ-অপছন্দের কথা জানালেন আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী রতি অগ্নিহোত্রী। ‘এক দুজে কে লিয়ে’ (১৯৮১) ও ‘কুলি’ (১৯৮৩)-এর মতো জনপ্রিয় সিনেমার এই অভিনেত্রী মনে করেন, তরুণরা পুরোনো দিনের সাজে আনন্দ করছেন, এটি ভালো লাগার মতো বিষয়।
রতির ভাষ্য, “আমরা এসব করে ফেলেছি, সেই সময়টা পার করে এসেছি। এখন তরুণরা আবার সেই লুক নিয়ে মজা করছেন, বিষয়টি ভালোই লাগছে।”
আশির দশকের ফ্যাশন নতুন করে ফিরে এলেও এর আসল আবহ পুরোপুরি ধরা পড়ছে না বলে মনে করেন রতি। তার ভাষায়, “সেই সময়ের স্বাদ, স্বকীয়তা ও রঙের বৈশিষ্ট্য এখন অনুপস্থিত। তার মতে, ‘আশির দশকের আত্মাটাই যেন নেই।”
যে ট্রেন্ডটি বাদ দিতে চান
আশির দশকের একটি ফ্যাশন আর ফিরে আসুক, তা চান না রতি। সেটি হলো অদ্ভুত নকশার চোলি (ব্লাউজজাতীয় পোশাক)। মজা করে তিনি বলেন, ‘যেগুলো দেখতে দুটি শঙ্কুর (কোনের মতো ত্রিভুজাকৃতি) মতো লাগত!’
আশির দশকের সাজ কেমন হবে?
রতির মতে, সেই সময়ের সঠিক লুক ফুটিয়ে তুলতে চোখের সাজে থাকতে হবে নাটকীয়তা। ঠোঁট হতে হবে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা এবং কিছুটা পাউট করা। সে সময়ের মেকআপে ন্যুড শেড বা খুব হালকা রঙের ব্যবহার ছিল না; বরং থাকত মিউটেড বা কিছুটা নরম রঙ।
তিনি জানান, তখনকার মেকআপ আজকের মতো অতিরিক্ত কেকি ছিল না, আবার এখনকার মতো এতটা ভালোভাবে ব্লেন্ডও করা হতো না। এমনকি মেকআপের কিছু নামও সময়ের সঙ্গে বদলে গেছে। রতির ভাষায়, ‘প্যানস্টিক’ ব্যবহার করা হতো, যেটিকে এখন ‘কনসিলার’ বলা হয়।
*হিন্দুস্তান টাইমস অবলম্বনে
(ওএস/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৬)
