প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
লৌহজংকে ডেঙ্গুমুক্ত রাখতে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
২০২৬ সেপ্টেম্বর ১২ ১৭:৫৬:২৯মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের লৌহজংয়েও তিন মাসব্যাপী 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯ টায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে লৌহজং উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এক ভার্চুয়াল অংশগ্রহণ সভার আয়োজন করা হয়। উক্ত অনলাইন সংযোগে সরকারি নির্দেশনা অনুযায়ী সকল সরকারি দপ্তরের প্রধানগণ, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, বাংলাদেশ স্কাউটস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে সকল স্তরের প্রতিনিধি ও সাধারণ মানুষ একযোগে অংশগ্রহণ করেন।
একই সময়ে সরকারি নির্দেশনার আলোকেই লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ চত্বর এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদে একযোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
লৌহজং উপজেলা নির্বাহ কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, ডেঙ্গু প্রতিরোধে যার যার বাসা-বাড়ি ও কর্মক্ষেত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি নিষ্কাশনে সকলকে সচেতন থাকতে হবে। তিন মাসব্যাপী এ অভিযান উপজেলার প্রতিটি গ্রামে ধারাবাহিকভাবে বজায় রাখা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
(এমকে/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৬)
