ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঘরে পুঁতে রাখা ছিল শিশুর লাশ, জেলহাজতে ঘরমালিক

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৮:০৫:১৪
ঘরে পুঁতে রাখা ছিল শিশুর লাশ, জেলহাজতে ঘরমালিক

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে বসতঘরের মেঝেতে পুঁতে রাখা প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় ঘরমালিক জামিনুর ইসলাম (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনদিন আগে নিখোঁজ হয়েছিল মরিয়ম বুশরা (৭) নামে ওই শিশু শিক্ষার্থী।

আজ রবিবার সকালে আটককৃত জামিনুরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার চরলোটাবর এলাকায় ওই ব্যক্তির বসতঘরের মেঝেতে পুঁতে রাখা শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘরমালিক জামিনুরকে আটক করা হয়।

নিহত মরিয়ম ওই এলাকার বাহাদুর আলীর মেয়ে এবং সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় প্রতিদিনের মতো সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় যায় মরিয়ম বুশরা। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে বিদ্যালয়ের আশেপাশে খোঁজাখুঁজি করেন মরিয়মের মা সবুজা বেগম। শিক্ষকদের জিজ্ঞাসা করেও কোনো সন্ধান না পাওয়ায় ওইদিনই মাদারগঞ্জ থানায় নিখোঁজের একটি জিডি করেন তিনি।

গোপনে সংবাদ পেয়ে ১৩ সেপ্টেম্বর রাতে বিদ্যালয় সংলগ্ন জামিনুরের ঘরের মেঝেতে পুঁতে রাখা মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘরমালিক জামিনুরকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছিল বলে আমাদের প্রাথমিক ধারণা। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৬)