ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত, আহত ২

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৯:০২:৫৭
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত, আহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ-ভারত সীমান্তে ফের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের রাধিকাপুর ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমানায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আহত দু-জনকেই গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩-এমপি’র কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

সুত্র জানায়, শনিবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানিপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। জেলার পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির ৩৩৩/এমপি সীমান্ত পিলারের কাছে ভারতের উত্তর দিনাজপুরের ৬৩ চক শিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে পীরগঞ্জের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আসাদুজ্জামান (৩৩) ও উত্তর ইন্দ্রইল গ্রামের মোস্তাকিম (৩২) ও শ্রী উষা (গুরুতর আহত) গুলিবিদ্ধ হন।
বিএসএফ আহতদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করে এবং আহত মোস্তাকিম ও শ্রী উষা কে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। শনিবার দুপুরে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসাদুজ্জামানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এ ঘটনায় অনুপ্রবেশের অভিযোগে আহত দুই বাংলাদেশি নাগরিককে আটক করে কালিয়াগঞ্জ থানা পুলিশ রায়গঞ্জ জেলা আদালতে প্রেরণ করেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে অনুপ্রবেশ সংক্রান্ত ধারায় মামলা করা হয়েছে।

সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে রোববার সকালে সাড়ে ১১ টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বৈরচুনা ইউনিয়নের ভবানিপুর সীমান্ত এলাকায় বিজিবি (৪২ ব্যাটালিয়ন) ও বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সকালের এই বৈঠক ফলপ্রসূ হয়নি। বিজিবি সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে আজ সন্ধ্যায় নিহতদের মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়া হতে পারে।

৪২ বিজিবির সিইও আবদুল্লাহ আল মঈন জানান, বিষয়টি আমরা বিভিন্ন সূত্রে জেনে পতাকা বৈঠকের জন্য আহবান করলে রোববার সকালে একটি জরুরী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। নিহতের লাশ রোববার সন্ধ্যায় হস্তান্তরের সম্ভাবনা রয়েছে।

(এফআর/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৬)