ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়’

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৪:০৭:১৬
‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়’

স্টাফ রিপোর্টার : ওজন কমানোর মিশনে নেমেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। দুই মাসের ব্যবধানে ৬ কেজি ওজন ঝরিছেন তিনি। একসময় নিজেকে ‘ভেতো বাঙালি’ বললেও জীবন থেকে ভাতকে বিদায় জানিয়েছেন এই অভিনেত্রী।

এ বিষয়ে প্রার্থনা ফারদিন দীঘি বলেন, “গত দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরো চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নাই হয়ে গেছে বলতে পারেন! এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।”

দীঘির খাবারের তালিকায় এখন জায়গা পেয়েছে—সেদ্ধ ডিম, সেদ্ধ সবজি আর ওভেনে তেলছাড়া রান্না করা চিকেন। দীঘি বলেন, “আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়। সেদ্ধ ডিম খাই, সেদ্ধ ভেজিটেবল খাই। ওভেনে রান্না করা তেলছাড়া সেদ্ধ চিকেন খাই।

গত দুই মাস ধরে দীঘির এই মিশন চলছে। আপাতত ডিসেম্বর পর্যন্ত এ যাত্রা অব্যাহত রাখবেন দীঘি। তার ভাষায়, “ফ্যাট ছাড়া যা আছে, সব খাচ্ছি। মাঝে আমি ভালো ওয়েট গেইন করেছিলাম। কত ছিল, তা বলতে চাই না। ওজন বেড়ে যাওয়ার কারণে স্ক্রিনে আমাকে এখনকার চেয়ে আরেকটু বাল্কি লাগত। তাই নিজের কাছেই অন্য রকম লাগছিল।”

কেবল আউট লুক নয়, কাজের প্রস্তুতিও ওজন কমানোর অন্যতম কারণ। সামনে নতুন একটি কাজের পরিকল্পনা চলছে। সেই কাজের জন্য নিজেকে আরো ফিট করে তুলতে চান এই অভিনেত্রী। দীঘি বলেন, “ফিট থাকলে পর্দায় নিজেকেও ভালো লাগে। আর পর্দায় নিজেকে ভালো লাগলে কাজের প্রস্তাবও বাড়ে।”

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন। দীর্ঘ বিরতির পর এখন নায়িকা হিসেবে নিয়মিত বড়পর্দায় কাজ করছেন।

দীঘি অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ সিনেমা মুক্তির অপেক্ষায়। এ ছাড়া সুমন ধর পরিচালিত একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৬)