প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৯:১৫:০২
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
দিনব্যাপী আয়োজনে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নু.হা.ম হাদিউজ্জামান। তিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য দেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক অলেদ আলী মোল্লা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী উদযাপিত হয় জাতীয় কবির জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৬)
