ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৪:০৫:৪৩
নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান খোকন মিয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

‎লিখিত বক্তব্যে কামরুজ্জামান খোকন মিয়া বলেন, শারীরিক, পারিবারিক ও সামাজিক বিভিন্ন কারণে তিনি পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

‎তিনি বলেন, আজ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।

‎সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, কোনো ধরনের চাপ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় তিনি পদত্যাগ করেছেন কি না এবং ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন কি না।

‎জবাবে কামরুজ্জামান খোকন মিয়া বলেন, কোনো চাপ বা কোনো দলের প্ররোচনায় তিনি পদত্যাগ করেননি। শারীরিক ও পারিবারিক কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর সঙ্গে কোনো ধরনের চাপ বা অন্য কোনো বিষয় সম্পৃক্ত নয়।

‎তিনি আরও জানান, তার পদত্যাগের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণেই নেওয়া হয়েছে।

‎সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
(পিবি/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২৬)