ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় নাজিম গ্রেপ্তার

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৮:০৯:৪৯
সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় নাজিম গ্রেপ্তার

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় নাজিম প্রধান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে পরের দিন মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার নাজিম প্রধান সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের আব্দুল হক প্রধানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোনাতলা পৌর এলাকার মাস্টারপাড়া সংলগ্ন রেললাইনের পাশে নাজিম প্রধানের বাড়িতে প্রায় তিন বছর ধরে একটি হিন্দু পরিবার ভাড়া থাকছে। সম্প্রতি ওই পরিবারের এক বিবাহিত নারী বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত শুক্রবার (১১ই সেপ্টেম্বর) দুপুরের দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ওই নারীকে নাজিম প্রধান ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় ওই নারীর বড় বোন আকস্মিক ভাবে বাড়িতে এসে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান পান বলে জানিয়েছেন ভুক্তভোগীর বড় বোন। সেসময় তিনি চিৎকার করলে নাজিম প্রধান সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ধর্ষিতা নিজে বাদি হয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ এনে সোনাতলা থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। একপর্যায়ে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীর বাবা বলেন, অনেক কষ্ট করে মেয়েকে গাবতলী উপজেলার দুর্গাহাটায় বিয়ে দিয়েছিলেন। ঘটনার পর মেয়ের স্বামী তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এতে তারা চরম হতাশার মধ্যে রয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মামলার আসামি নাজিম প্রধানকে গ্রেপ্তার করে। পরে তাকে ১৫ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৬)