প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৫:০৪:৩০
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে তেলের দাম কিছুটা কমায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগও কিছুটা কমেছে।
স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৬ দশমিক ৮৩ ডলারে উঠেছে। সোমবার দাম এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
তবে ডিসেম্বর সরবরাহের যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারস শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৩৬৭ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।
বাজারের নজর এখন বুধবারের ফেডের নীতিনির্ধারণী সিদ্ধান্তের দিকে।
বাজারে প্রায় ৯২ দশমিক ৭ শতাংশ সম্ভাবনা ধরা হচ্ছে, ফেড অন্তত শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট সুদের হার বাড়াবে। সিদ্ধান্তের পর সংবাদ সম্মেলন করবেন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ।
সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের ওপর চাপ পড়ে। কারণ স্বর্ণ থেকে নিয়মিত কোনো সুদ পাওয়া যায় না। ফলে বন্ডসহ সুদ পাওয়া যায় এমন বিনিয়োগের আকর্ষণ বেড়ে যায়।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৬)
