প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পদ্মার চরে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিশেষ পরিদর্শন
২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৬:১৮:৫৩
স্টাফ রিপোর্টার : পাবনা ১০০ মেগাওয়াট সোলার লিমিটেডের প্রস্তাবিত ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া এলাকায় পদ্মা নদীর চরে অবস্থিত প্রকল্প এলাকা হেলিকপ্টারযোগে পরিদর্শন করা হয়।
আজ বুধবার দুপুরে প্রকল্প-সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া, স্বল্প সময়ের মধ্যে প্রকল্প এলাকা পর্যবেক্ষণ এবং বাস্তবায়নের প্রয়োজনীয় প্রস্তুতি ত্বরান্বিত করার উদ্দেশ্যে এই বিশেষ পরিদর্শনের আয়োজন করা হয়।
পাবনা ১০০ মেগাওয়াট সোলার লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ইয়াসির আরসাদ রাজনের নেতৃত্বে অনুষ্ঠিত পরিদর্শনে অংশগ্রহণ করেন বিনিয়োগকারী প্রতিষ্ঠান সোলার গ্লোবাল ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও অস্ট্রেলিয়ান নাগরিক মোহাম্মদ রুশিদি এবং প্রতিষ্ঠানটির অংশীদার ও সুইস নাগরিক ইভ ফিলিপ আমাদেউস লেইস।
এসময় আরও উপস্থিত ছিলেন পাবনা ১০০ মেগাওয়াট সোলার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আনোয়ার হোসেন, প্রজেক্ট ডেভেলপমেন্ট ডিরেক্টর মোহাম্মদ আশিক হাসান এবং ম্যানেজার (অ্যাডমিন) মোঃ নাসির উদ্দিন। পরিদর্শন কার্যক্রমের স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন প্রকল্পের স্থানীয় ব্যবস্থাপক মোঃ আব্দুর রশিদ।
উল্লেখ্য, দেশে চলমান বিদ্যুৎ-ঘাটতি মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনা ১০০ মেগাওয়াট সোলার লিমিটেড, প্রাইম রিনিউএবল হোল্ডিংস লিমিটেড এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান সোলার গ্লোবাল ইনভেস্টমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ পরিদর্শনের মাধ্যমে প্রকল্প এলাকার বর্তমান অবস্থা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি সম্পন্ন করে প্রকল্পটির নির্মাণকাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করা সম্ভব হবে। প্রস্তাবিত ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ-ঘাটতি পূরণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জাতীয় বিদ্যুৎব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে তাঁরা হেলিকপ্টারযোগে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা ফুটবল মাঠে অবতরণ করেন। পরে গাড়িতে করে প্রকল্প এলাকা পরিদর্শনে যান।
(এসপি/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৬)
