প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
নর্দার্ন সি রুটে নিরাপদ নৌচলাচলে নিজস্ব ড্রেজিং বহর গড়ছে রসাটম
২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৮:৪১:০২
বিশেষ প্রতিনিধি : নর্দার্ন সি রুটে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে নিজস্ব বিশেষায়িত ড্রেজিং বহর গড়ে তুলছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম। এরই অংশ হিসেবে রসাটমের একটি প্রতিষ্ঠান ‘হাইড্রোগ্রাফিক এন্টারপ্রাইজ’-এর অধিগ্রহণ করা হপার ড্রেজার ‘দারিয়া’ রাশিয়ার প্রথম এলএনজি সমুদ্রবন্দর সাবেত্তায় কার্যক্রম শুরু করেছে।
নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা এবং বন্দরের পণ্য পরিবহনে সহায়তার লক্ষ্যে অ্যাপ্রোচ চ্যানেলের নকশা অনুযায়ী প্রয়োজনীয় গভীরতা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে ড্রেজারটিকে।
রসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দারিয়া’ রসাটমের বহরে যুক্ত হওয়া এ ধরনের প্রথম জাহাজ। এটি প্রতিষ্ঠানটির নিজস্ব বিশেষায়িত ড্রেজিং বহর গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে আরও নয়টি উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজিং ইউনিট অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়ে ওব উপসাগর ও শিপার টার্মিনালের প্রবেশপথে প্রয়োজনীয় ড্রেজিং এবং মেরামত কার্যক্রম পরিচালনা করা হবে।
বড় ধারণক্ষমতার এলএনজি ক্যারিয়ারগুলোর নিয়মিত চলাচলের কারণে সাবেত্তা বন্দরের জলসীমায় সমুদ্রতলদেশে স্বাভাবিকভাবেই পলি জমে। গত পাঁচ বছরে সাবেত্তায় ৭ কোটি ঘনমিটারের বেশি পলি ড্রেজিং করে অপসারণ করা হয়েছে। হাইড্রোগ্রাফিক এন্টারপ্রাইজের ভারপ্রাপ্ত পরিচালক দিমিত্রি আগিভ জানিয়েছেন, বন্দরের প্রয়োজনীয় গভীরতা বজায় রাখতে ভবিষ্যতে প্রতিবছর প্রায় ৫০ লাখ ঘনমিটার পলি অপসারণ করতে হবে।
তীব্র শীত ও বরফাচ্ছন্ন পরিবেশের কারণে সাবেত্তায় ড্রেজিং কার্যক্রম অত্যন্ত চ্যালেঞ্জিং। বছরে মাত্র প্রায় তিন মাস ড্রেজিংয়ের উপযোগী সময় পাওয়া যায়। ফলে স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ পলি অপসারণ করে নৌপথের প্রয়োজনীয় গভীরতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নর্দার্ন সি রুটে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ন্যাভিগেশনাল ও হাইড্রোগ্রাফিক কার্যক্রমের পাশাপাশি ড্রেজিংও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাইড্রোগ্রাফিক এন্টারপ্রাইজ প্রতিবছর ৪০ হাজারের বেশি লিনিয়ার কিলোমিটার এলাকায় জরিপ পরিচালনা করে। এসব জরিপের মাধ্যমে জলপথের গভীরতা সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যায়। একই সঙ্গে জাহাজ চলাচলের রুট আরও কার্যকরভাবে নির্ধারণ এবং জাহাজের তলদেশ সমুদ্রতলে আটকে যাওয়ার ঝুঁকি কমাতে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০১৮ সাল থেকে রসাটম নর্দার্ন সি রুটের অবকাঠামো অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছে। প্রায় ৫ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ এই আর্কটিক নৌপথ ইউরোপকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে। কার্গো পরিবহন বৃদ্ধি, পারমাণবিক শক্তিচালিত নতুন আইসব্রেকার সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে রুটটির সক্ষমতা ও ব্যবহার বাড়ানোর কাজ করে যাচ্ছে রসাটম।
(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৬)
