ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, চরম দুর্ভোগে নগরকান্দার কৃষক

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৯:০৬:৩৮
ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, চরম দুর্ভোগে নগরকান্দার কৃষক

নগরকান্দা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামে ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আমান কাজীর বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, প্রায় তিন মাস ধরে প্রশাসনের চোখ এড়িয়ে এ কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় কৃষকদের অভিযোগ, আবাদি জমি থেকে বালু উত্তোলনের ফলে জমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

সরেজমিনে দেখা যায়, ড্রেজারের পাইপ স্থাপনের জন্য একটি পাকা সড়কের অংশ কেটে নেওয়া হয়েছে। ফলে সড়কে কাদা ও হাঁটুপানি জমে রয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি করেছে।

এলাকাবাসীর ভাষ্য, আমান কাজীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ বালু উত্তোলন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি চোখে পড়েনি। তারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে আমান কাজীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আপনারা আপনাদের মতো ভিডিও করেন, পারলে ভেঙে দেন।”

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

(পিবি/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৬)