প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত
‘আমি নিজেও একজন ফিল্মমেকার হতে চেয়েছিলাম’
২০২৬ সেপ্টেম্বর ১৬ ২১:১৩:৪৫
বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’। বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে দেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অবদান রাখা গুণী নির্মাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ ছাড়া উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।
বাংলা চলচ্চিত্রে দুই শতাধিক চলচ্চিত্র প্রযোজনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তার হাতে সম্মাননা তুলে দেন।
এ ছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় পরিচালক কাজী হায়াত, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল ও আওকাত হোসেনকে। সম্মাননা গ্রহণ করেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনও।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী সিনেমার উন্নতির জন্য আমাদের কাছে একটি পরিপূর্ণ রিপোর্ট চেয়েছিলেন। সিনেমা ও এফডিসির উন্নতির জন্য যা যা করা দরকার, আমরা খুব শিগগিরই সেগুলো বাস্তবায়ন করব।’
নিজের চলচ্চিত্রের প্রতি আগ্রহের কথাও জানান তিনি। জাহেদ উর রহমান বলেন, ‘আমি নিজেও একজন ফিল্মমেকার হতে চেয়েছিলাম, এ কারণে এই সেক্টর নিয়ে আমার আগ্রহ একটু বেশি।’
আয়োজনের সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা দিঘী। গান পরিবেশন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনাল।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৬)
