ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘ইসি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না’

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৫:৩০:১১
‘ইসি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না’

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সরকারের নির্দেশনাতেই কমিশন পরিচালিত হচ্ছে। এ পরিস্থিতিতে ইসির অধীনে কীভাবে একটি নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, সরকারবিরোধী দলগুলোকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একইসঙ্গে নির্বাচন কমিশনকেও স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হচ্ছে না।

স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয়করণের অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নিজেদের দলের লোকদের বসিয়েছে। এর ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় সবার জন্য সমান সুযোগের পরিবেশ তৈরি হচ্ছে না। এমন পরিস্থিতিতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন কঠিন বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে ৮টি দাবি তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো অজুহাত গ্রহণ করা হবে না। নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং সব প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে হবে। কোনো প্রার্থী যেন প্রশাসনিক বা অন্য কোনো ধরনের বৈষম্যের শিকার না হন, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তার মতে, নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা ছাড়া সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২৬)