ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

আমলাতান্ত্রিকতা নিপাত যাক, কৃষক শ্রমিক মুক্তি পাক : শেখ নাসির উদ্দিন

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৭:৩২:৫২
আমলাতান্ত্রিকতা নিপাত যাক, কৃষক শ্রমিক মুক্তি পাক : শেখ নাসির উদ্দিন

স্টাফ রিপোর্টার : সারের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে গ্রেপ্তারকৃত কৃষকদের নিঃশর্ত মুক্তি, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমলাতন্ত্র নিপাতের দাবিতে রাজধানী ঢাকায় এক বিক্ষোভ সমাবেশ ও স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আগে পুনর্বাসন ভূমিদস্যু ঠেকাও, পরে উন্নয়ন ভূমিহীন বাঁচাও এবং খাস জমির অধিকার ভূমিহীন জনতার—এই স্লোগানকে সামনে রেখে যৌথ ভাবে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, কৃষক সমিতি ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, দেশের অসাধু ডিলার সিন্ডিকেটের কারণে মাঠ পর্যায়ে কৃষকেরা তীব্র সার সংকটে ভুগছেন। ফসল বাঁচাতে সাধারণ কৃষকেরা যখন সারের দাবি তুলছেন, তখন তাদের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে উল্টো সরকারি কাজে বাধা ও হামলার মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে গ্রেপ্তারকৃত সব কৃষকের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা সকল কাল্পনিক ও মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। অন্যথায় সারা দেশের কৃষকদের সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার হবে।

প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু বলেন, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নে সোনাহাট স্থলবন্দর রোড শহীদ মোড় এলাকায় সার বিতরণে ডিলারের টালবাহানায় পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গেলে কৃষকগণ তার কাছে ডিলারের সার বিতরণে উদাসিনতার বিষয়ে মৌখিক নালিশ করে। কৃষি কর্মকর্তা বিষয় টা সমাধান না করে থানায় গিয়ে কৃষকদের নামে মামলা করে। কৃষকেরা পুলিশের ভয়ে রাতে নিজ বাড়িতে ঘুমাতে পারছেন না। অবিলম্বে কৃষকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কৃষক সমিতির সভাপতি চাষী মাসুম, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান বিকাশ। সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন এছাড়াও সংহতি ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, এবং বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস। ডেমোক্রেটিক বাংলাদেশ মুভমেন্টের আবুল কালাম আজাদ, ব্যজনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুনতানির রহমান, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী অলোক চৌধুরী, এবং ভূমিহীন আন্দোলনের সক্রিয় সদস্য শামীম সহ প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের একটি প্রতিনিধি দল কৃষকদের দাবি সংবলিত একটি স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী বরাবর প্রদান করেন।

স্মারকলিপি দাবিসমূহ হলো:-

১. সারের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে গ্রেফতারকৃত সকল কৃষককে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

২. আন্দোলনে অংশগ্রহণকারী কৃষকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক/আন্দোলন দমনমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করতে হবে।

৩. কৃষকদের শান্তিপূর্ণ সভা, সমাবেশ ও ন্যায্য দাবি জানানোর অধিকার নিশ্চিত করতে হবে।

৪. কৃষকদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের হয়রানি, ভীতি প্রদর্শন বা অপ্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে হবে।

৫. কৃষকদের দাবি ও অভিযোগগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের মাধ্যমে যথাযথভাবে তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. কৃষি উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের জন্য সার বিতরণে অনিয়ম বন্ধ, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে সার সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

৭. কৃষকদের ন্যায্য দাবি ও সমস্যা সমাধানে সরকার, কৃষক সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংলাপের ব্যবস্থা করতে হবে।

(পিআর/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৬)