প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সোনাতলায় এক অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্ত, কৃষি যন্ত্র, ঢেউটিন-টাকা ও পুরস্কার বিতরণ
২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৭:৪২:১২
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় মাছের পোনা অবমুক্ত, কৃষি যন্ত্রাংশ বিতরণ, অতি দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান এবং শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি। পরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে দুই প্রান্তিক কৃষকের মাঝে তেল মাড়াই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অনুষ্ঠানে ১৮ জন শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এছাড়া ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ করা হয়। এতে বিভিন্ন পর্যায়ে অংশ নেওয়া ৭৫ জন শিক্ষার্থী এবং ৮২ জন প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষার শিক্ষকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ১৮ জন অতিদরিদ্র মানুষের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা দেওয়া হয়।
সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পাঁচটি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে মোট ১ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষা কৃষি ক্রীড়া ও সামাজিক উন্নয়নের পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব কর্মসূচির সুফল যাতে প্রকৃত উপকারভোগীরা পান, সেদিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সোহরাব হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শওকত আলী, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু ও সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক।
এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৬)
