ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রোটারি ক্লাবের উদ্যোগে জামালপুরে মাদকবিরোধী সমাবেশ ও ফ্রি চিকিৎসা

২০২৬ সেপ্টেম্বর ১৮ ১৮:১৮:২৬
রোটারি ক্লাবের উদ্যোগে জামালপুরে মাদকবিরোধী সমাবেশ ও ফ্রি চিকিৎসা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে বর্ণাঢ্য র‍্যালি ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে রোটারি ক্লাব। আজ শুক্রবার সকালে শহরের শফিমিয়ার বাজার এলাকা থেকে একটি মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস মোড়ে গিয়ে শেষ হয় র‍্যালিটি।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হলে সেখানে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র দেন বিশেষজ্ঞ ডাক্তাররা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, "মাদকের বিস্তার রোধে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ। রোটারির মতো আন্তর্জাতিক সেবামূলক সংগঠনগুলো যেভাবে এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তরুণদের খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকমুক্ত জামালপুর গড়তে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।"

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব জামালপুরের প্রেসিডেন্ট আরিফুল আলম আপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) প্রফেসর মো. আব্দুল হাই আলহাদী, পাস্ট প্রেসিডেন্ট আব্দুল আহাদ স্বাধীন, পাস্ট প্রেসিডেন্ট ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, পাস্ট প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাপ্পী এবং রোটারিয়ান অ্যাডভোকেট রিশাদ রিজওয়ান বাবু।

বক্তারা তাঁদের আলোচনায় তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রোটারি ও রোটার‍্যাক্টের বিপুল সংখ্যক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৬)