প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
উপজেলা প্রশাসনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৮:৪৭:৪৩
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে বিশেষ লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘৌরদৌড় পদ্মা তীরবর্তী পার্ক ও বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। কর্মসূচির সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, "ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই আমরা মশাবাহিত এ রোগ প্রতিরোধ করতে পারি।" তিনি সবাইকে নিজ সতর্কতার পাশাপাশি আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
কর্মসূচিজুড়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত সকলে পদ্মা তীরবর্তী পার্ক ও সংলগ্ন বাজার এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
(এমকে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৬)
