ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফসলের সাথে এ কেমন শত্রুতা!

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৮:৫৭:৪৯
ফসলের সাথে এ কেমন শত্রুতা!

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের মাষকলাই ক্ষেতে ঘাসমারা বিষ (কীটনাশক) প্রয়োগ করে পুরো ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে ঘটানো এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকে চরম হতাশায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় অন্যান্য চাষিরা।

ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-ঝিকুড়ী পশ্চিমপাড়া এলাকার মো. ইসহাক আলী খান। তিনি চলতি মৌসুমে চর-ঝিকুড়ী মাঠে তার ৩২ শতাংশ জমিতে অনেক কষ্ট ও অর্থ ব্যয় করে মাষকলাই চাষ করেছিলেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইসহাক আলী খান জানান, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মাঠে গিয়ে দেখি আমার ক্ষেতের সবুজ মাষকলাই গাছগুলো শুকিয়ে নুয়ে পড়ছে। রাতের আঁধারে শত্রুতা করে কে বা কারা এই বিষ প্রয়োগ করেছে। আমার তিন ছেলে-মেয়ের পড়াশোনা এবং পুরো সংসারের যাবতীয় খরচ এই কৃষিকাজের ওপরই নির্ভর করে। ফসলগুলো নষ্ট হয়ে যাওয়ায় আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। অপরাধীরা শাস্তি না পেলে ভবিষ্যতে আবারও এমন ঘটনা ঘটাতে পারে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় প্রতিবেশী কৃষকরাও। এক প্রতিবেশী চাষি বলেন, “আমরা হাড়ভাঙ্গা খাটুনি ও কষ্ট করে মাঠে ফসল ফলাই। এভাবে যদি শত্রুতামূলকভাবে ফসল নষ্ট করা হয়, তবে আমাদের জন্য চাষাবাদ করাই কঠিন হয়ে পড়বে। আমরা চাই প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনুক।”

এ বিষয়ে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যারা এ ধরনের অপরাধের সাথে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। ঘটনাটি জানার পরপরই আমি উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছি। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি প্রণোদনার আওতায় এনে সহায়তার বিষয়টি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি।”

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। অপরাধীদের দ্রত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

(একে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৬)